ছবি: প্রতিকী ছবি।
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, পলাতক আসামিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২২ নভেম্বর) রাতে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর চড়াও হয়ে স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন নিজের দলবল নিয়ে পুলিশের কাছ থেকে তাঁর ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন।
আফসর হোসেনকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তবে বহিষ্কৃত আফসর আহমদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; বরং তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.