ছবি: সংগৃহীত
ফেনীর দাগনভূঞায় পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে ফোন করে নিজের সরকারি বাংলোয় ডেকেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ডাকে সাড়া দিয়ে বাংলোতে গেলে ‘সব ঠিক করে দেওয়া’ হবে বলে ওই নেত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি।
তাদের ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান নিজেও এই ফোনালাপের কথা স্বীকার করেছেন।
ভাইরাল অডিওতে শোনা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ সময় তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে।
জবাবে সনি বলেন, আমি দাগনভূঞা নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।
এরপর ওসি বলেন, মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছ, বাংলোয় চলে আসো। কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না। এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।
এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।
তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।
ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেপ্তার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম, আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসবো।
ওসি আরও বলেন, সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল। আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করে বলেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে হাগ (আলিঙ্গন) করার অনুরোধ করেছেন।
সুত্র আরটিভি
সিলেটভিউ২৪ডটকম/মআস-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.