প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ০০:২০ (বুধবার)
রাতে কট্টর সিলেট মহানগর পুলিশ

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকান্ড রোধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত কয়েকদিন রাতের আধারে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার পর পুলিশ সিলেট নগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করেছে। রাতের বেলা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ব্লকরেড দেওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের তল্লাশি করছে পুলিশ।

 

রাত ১২টার পর জরুরি প্রয়োজন ছাড়া মোটরসাইকেল চলাচলের উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এছাড়া কোন আবাসিক হোটেলে অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা যাতে গোপন তৎপরতা চালাতে না পারে- সে ব্যাপারেও পুলিশ নজরদারি বাড়িয়েছে।

 

সর্বশেষ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মহানগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটক করে সিলেট মহানগর পুলিশ। এর মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

 

এর আগে সম্প্রতি কয়েক দিন থেকে হঠাৎ করে সিলেট নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ও স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সিলেট নগরের উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও ছড়ারপাড়ে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবীরের বাসায়ও রাতের আঁধারে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এসব ঘটনার জন্য পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ি করছেন। নাশকতার সাথে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে পুলিশ আটকও করেছে।

 

রাতের আধারে দুবৃর্ত্তরা নাশকতার পথ বেছে নেওয়ায় পুলিশও রাত্রীকালীন নজরদারি বৃদ্ধি করেছে। এসএমপি সূত্র জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর ছয়টি থানা এলাকায় রাত্রীকালীন পুলিশী কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে ব্লক রেড দেওয়া হচ্ছে। রাত ১০টার পর থেকে নগরীর বিভিন্ন স্থানে যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে। নিয়মিত ও সাজাপ্রাপ্ত আসামী ও চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুইদিনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে।

 

এদিকে, মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং কোন স্থাপনা বা যানবাহনে যাতে কেউ অগ্নিসংযোগ করতে না পারে সে ব্যাপারেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এসএমপি। জননিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই সময়ের মধ্যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর যুক্তিসঙ্গত কারণে বের হলে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের সব ধরণের কাগজপত্র সাথে রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

 

এ ছাড়া সিলেটের গোয়াইনঘাটের একটি রিসোর্টে ভারত থেকে গোপনে এসে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট রণজিত সরকারের সভা করার পর নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নিয়ে বৈঠক করেছেন পুলিশ কমিশনার। নিষিদ্ধ সংগঠনের কোন সদস্য বা সন্দেহভাজন কেউ যাতে হোটেলে অবস্থান করতে না পারে সে ব্যাপারে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে নগরের হোটেলগুলোতেও পুলিশ নজরদারি বাড়িয়েছে। কয়েক দিন আগে নগরের আম্বরখানাস্থ হোটেল পলাশ থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করে পুলিশ। এসময় তথ্য গোপনের দায়ে হোটেলের দুই কর্মকর্তাকেও আটক করা হয়। 

 

এ প্রসঙ্গে এসএমপির (মিডিয়া অফিসার) উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, সিলেট নগরে রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থায়ী ৩টি ছাড়াও নগরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ জায়গায় ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা রাতে নগরের মোটরসাইকেল নিয়ে অলিগলিতে মুভমেন্ট করছেন। থানা ও ফাঁড়ির মোবাইল টহল টিমও বাড়ানো হয়েছে। সিনিয়র অফিসাররা রাত্রীকালীন নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। হোটেলগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১