প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৪০ (বৃহস্পতিবার)
‘ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং, না মানলে জেল-জরিমানার হুঁশিয়ারি’

ছবি: সংগৃহিত।

ময়মনসিংহের ফুলপুর বাজারে আনোয়ার নামে এক ব্যক্তি নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফুলপুর বাজারে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইক হাতে আনোয়ারকে ঘোষণা দিতে দেখা যায়। এ সময় তিনি নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে ১৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের জেলের হুমকি দেন।

 

ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কাউকে ভিক্ষা করতে দেখলে ১৫০০ টাকা জরিমানা করা হবে। পরে তিন দিনের জেল দেওয়া হবে।’ এ সময় তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি আনোয়ার বলে পরিচয় দেন।

 

ভিডিওতে একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়? জবাবে তিনি বলেন, নকলা, জালালপুর। নকলা থেকে ফুলপুরে আসার কারণ জানতে চাইলে তিনি জানান, নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত তার এলাকা রয়েছে। এ ছাড়া শেরপুর ও বকশীগঞ্জ পর্যন্ত তাদের এলাকা বিস্তৃত বলেও দাবি করেন তিনি।

 

স্থানীয় কয়েকজন ওই ব্যক্তির এমন ঘোষণা দেয়ার দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন ব্যক্তি কীভাবে অন্য ভিক্ষুকদের জরিমানা কিংবা কারাদণ্ড দেয়ার ঘোষণা দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকে। তার এমন নিয়ম প্রণয়ন ও শাস্তি দেয়ার ক্ষমতার এখতিয়ার নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

 

এদিকে বিষয়টি পুলিশের নজরেও এসেছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি কোন এখতিয়ারে ভিক্ষুকদের জরিমানা ও কারাদণ্ড দেয়ার ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭