মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) আর নেই।
বুধবার দিবাগত রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে মদন মোহন কলেজ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম সুখেন্দু বিকাশ দাস ছিলেন নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ঐতিহ্যবাহী সহজিয়া পরিবারের সদস্য। তিনি স্বর্গীয় মোহিনী মোহন দাসের সন্তান এবং মদন মোহন দাসের দৌহিত্র। শিক্ষা, সমাজসেবা ও মদন মোহন কলেজের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ ও অকৃত্রিম ভালোবাসা।
জীবদ্দশায় তিনি কলেজের প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও আয়োজনে উপস্থিত থেকে কলেজ পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন। কলেজের বিভিন্ন বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কলেজ পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুসংবাদ কলেজে পৌঁছামাত্র অধ্যক্ষের নেতৃত্বে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক হোসনে আরা কামালী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য ও অধ্যাপক ফরিদ আহমদ তাৎক্ষণিকভাবে তাঁর বাসভবনে উপস্থিত হন।
সেখানে তাঁরা কলেজের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে মদন মোহন কলেজ একজন আন্তরিক শুভানুধ্যায়ী, পরামর্শক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে হারাল। তাঁর কর্ম, স্মৃতি ও কলেজের প্রতি ভালোবাসা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে কলেজ পরিবার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.