ছবি: সিলেট ভিউ।
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত সোহাগ মিয়া হত্যার ঘটনার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (২৫ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর এলাকার আশিক টি-স্টলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হানিফ জাম্বু (৩৯) ও সিরাজ মিয়া (৪২)। তারা দুজনেই ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৈন্দ পশ্চিম পাড়া ও আরামবাগ পশ্চিম মেড্ডার বাসিন্দা।
ঘটনার বিবরণ উল্লেখ করে এসআরবি জানায়, নিহত সোহাগ মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মৈন্দ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিরাও একই এলাকার বাসিন্দা। গত ১০ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মজলিশপুর ইউনিয়নের মৈন্দ প্রাথমিক বিদ্যালয়ের সামনে মৈন্দ বাজারগামী রাস্তার ওপর পূর্ববিরোধের জেরে ১নম্বর আসামি হানিফ উরফে জাম্বু ও একই গ্রামের মোবারকের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া চলছিল। এ সময় নিহত সোহাগ মিয়া বাড়ি থেকে মৈন্দ বাজারে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে তাদের ঝগড়া দেখতে পান এবং বিরোধ মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে মোবারক ঘটনাস্থল ত্যাগ করলে ১নম্বর আসামি হানিফ উরফে জাম্বু সোহাগ মিয়ার ওপর ক্ষিপ্ত হন।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ১নম্বর আসামি অন্যদের উদ্দেশে বলেন যে, সোহাগ মিয়ার কারণে মোবারক ঘটনাস্থল থেকে চলে গেছে। একপর্যায়ে ৩নম্বর আসামি বিল্লাল মিয়ার নির্দেশে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহাগ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথে ১১ নভেম্বর রাত আনুমানিক দেড়টার সময় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর এলাকার আশিক টি-স্টলের সামনে অভিযান পরিচালনা করে সোহাগ মিয়া হত্যার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং তদন্তে প্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.