প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৮ (শুক্রবার)
হারিয়ে যাওয়া শিশু সিলেটে উদ্ধার, হস্তান্তর

ছবি: সিলেট ভিউ।

পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকা থেকে সিলেটে চলে আসা নয় বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের জিম্মায় ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী মডেল পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) ওই শিশুকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

 

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিশু রাফাতুল ইসলাম সিয়াম (০৯) রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত নিজ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসে। পরে সে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করছিল। একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দিকে মাজার এলাকায় এক অপরিচিত নারীর সঙ্গে শিশুটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন মাজারের পুলিশ সদস্যরা। 

 

এ সময় পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পায় পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। 

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘ঢাকা থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে আজ শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১