সিলেটসহ দেশের ৬৪টি জেলায় বছরব্যাপী খেলাধুলা আয়োজনের জন্য ক্রীড়া ক্যালেন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আগামী জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
আমিনুল বলেন, ‘আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়।’
বর্তমান সরকারের নয় মাস পূর্তির প্রসঙ্গ টেনে আগামী পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তনের আশাবাদ জানান আমিনুল, ‘ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জিমখানা ক্লাবের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.