ছবি: সংগৃহীত
মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।
তিনি বলেন,আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না। কারাগারে যাওয়া আসামিরা হলেন রিসান, মীম চৌধুরী এবং আমিরা খান।
গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছরের সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
এ তরুণ মডেলিংয়ের কাজ করতেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে সিয়াম। এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী এবং আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরদিন এই তিনজনকে কারাগারে পাঠানো হয়।
গত ১০ নভেম্বর এই তিন আসামিসহ হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন।
৭ নভেম্বর ছেলের মৃত্যুর খবর পেয়ে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে যান পরিবারের সদস্যরা। সেখানে সিয়ামের মরদেহ দেখতে পান। পরে বিমানবন্দর থানায় গিয়ে আটক তিন সহকর্মীর কাছে মৃত্যুর কারণ জানতে চান সেলিম মিয়া। তার অভিযোগ, তারা একেকজন একেক ধরনের তথ্য দিয়েছেন এবং অনেক তথ্য গোপন করেছেন।
এজাহারে সেলিম মিয়া আরও অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে রিসান, মীম ও আমিরাসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দেন অথবা হত্যার পর মরদেহ জানালা দিয়ে ফেলে দেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.