সিলেটে জমকালো আয়োজনে পর্দা উঠল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরের স্মৃতিকে ঘিরে আয়োজিত এ টুর্নামেন্টে সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, 'মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত ফুটবল, ভলিবল ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলার লিগ চালু করতে হবে। এ ক্ষেত্রে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সরকার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।'
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 'রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তাঁর জীবন, কর্ম ও গুণাবলি থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। তাঁর স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, 'দেশের স্বার্থে এবং সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আদর্শ ও গুণাবলি থেকে শিক্ষা নিয়ে তা দৈনন্দিন জীবনে চর্চার আহ্বান জানান।'
উদ্বোধকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, 'আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে। শুধু অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নয়, এসব প্রতিযোগিতায় পদক অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।'
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকের উদ্দেশে তিনি বলেন, ‘সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।’ পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।
দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে বলে মনে করেন আমিনুল। সিলেটের এই ফুটবল আয়োজনকে সেই পরিবর্তনেরই প্রমাণ হিসেবে দেখছেন তিনি।
নিজের ফুটবল জীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। সিলেটের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে।’ এ সময় একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের (জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব) কথাও স্মরণ করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.