প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২০:২৩ (শুক্রবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘Robo আড্ডা’ ঘিরে প্রাণের উচ্ছ্বাস

এমইউ ইইই সোসাইটির উদ্যোগে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আয়োজন ‘Robo আড্ডা ২০২৬’ । শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, বাস্তব অভিজ্ঞতা অর্জন, নেতৃত্বের বিকাশ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থী এবং অতিথিদের স্বাগত জানানো হয়। প্রযুক্তির অগ্রযাত্রা, সৃজনশীল চিন্তাধারা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে MATLAB, রোবটিক্স এবং Line Following Robot (LFR) বিষয়ে অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যথাক্রমে ইইই ৫৬ ব্যাচের তানজির,অনিমেষ ও ইইই ৬০ ব্যাচের তানভির।

এসব আলোচনায় প্রযুক্তিগত জ্ঞান, সিমুলেশন, প্রোগ্রামিং এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের প্রকৌশলভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রেরণা জোগায়।

এরপর MU EEE Society-এর নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানানো এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে পর্বটি সম্পন্ন হয়। এ সময় নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -এর বক্তব্যে সংগঠনের আগামী দিনের লক্ষ্য, পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইইই বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাফওয়ান উদ্দিন আহমেদ এবং জ্যেষ্ঠ প্রভাষক মো. শাদমান সাকিব বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং সংগঠিত উদ্যোগের গুরুত্ব উঠে আসে। 

আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এ পর্বে সংগীত পরিবেশনা, নাট্য পরিবেশনা এবং কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। একাধিক সংগীত পরিবেশনার পাশাপাশি নাট্য পরিবেশনা দর্শকদের আনন্দিত করে। এছাড়াও কবিতা আবৃত্তির মাধ্যমে সাহিত্য ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়। প্রযুক্তিনির্ভর আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের এই সুযোগ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আনন্দ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে Robo আড্ডা ২০২৬ -এর কার্যক্রম সমাপ্ত হয়।

আয়োজকরা জানান, MU EEE Society-এর এ আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্ব, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় Robo আড্ডা ২০২৬ একটি সুন্দর ও স্মরণীয় আয়োজন হিসেবে সম্পন্ন হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে