ছবি: সিলেটভিউ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ১৬.৭ ও বৃহস্পতিবার ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এদিকে সকালে ঘন কুয়াশা থাকার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকছে এবং চা বাগানগুলোর পাতায় শিশির ও কুয়াশার আস্তরণ জমছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনের তাপমাত্রা সহনীয় বা কিছুটা উষ্ণ থাকছে। সন্ধ্যা নামার পর থেকে শীতের আমেজ শুরু হয়ে শেষ রাত ও ভোরে ঠান্ডা আরও স্পষ্ট হয়ে উঠছে।
লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য জানান, দিনের বেলা গরম অনুভূত হলেও শেষ রাত ও ভোরে বেশ ঠান্ডা পড়ছে এবং রাতে কুয়াশা ঝরছে।
এদিকে পুরোদমে শীত জেঁকে বসার আগেই জেলার বিভিন্ন উপজেলায় লেপ-তোষক সেলাই ও তৈরির কাজে কারিগর এবং ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে নিচে নামছে এবং সামনে শীতের আমেজ আরও প্রকট হবে।
অপরদিকে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে । শীত উপেক্ষা করে চা শ্রমিকরা তাদের ভোট প্রয়োগ করছেন।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/ইকে-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.