প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:৪৫ (শনিবার)
ওসমানীতে প্রাণ গেল আরও ১ জনের, হাসপাতালে ভর্তি ১০৭

সংগৃহীত

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন।

 

শনিবার (২৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায়, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত শিশুটির বয়স মাত্র ৭ মাস। তার নাম মো. মুশাহীদ। সে সুনামগঞ্জের তাহিরপুর থানার মো. হেলিমের ছেলে।


 
মুশাহীদসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২৩৬। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ১০৮ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৪ জনের হাম শনাক্ত হয়েছে। তারাসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯৭৩ জন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৯২, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। সুনামগঞ্জের কোনো হাসপাতালে হাম সন্দেহে কেউ ভর্তি হন নি।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫১৯ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৪৩৯ ও বেসরকারি  হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৮০ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮