ছবিঃ ফাইল ছবি।
ওয়ানডে ও টি–টুয়েন্টি ছেড়েছিলেন আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বিসিবি সভাপতি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’
বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ১০৮ টেস্ট খেলে করেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি। সাবেক সতীর্থ যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন, তামিমের চাওয়া ছিল সেটাই।
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’
শুধু সাবেক সতীর্থই নন, তামিমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও মুশফিক। বিসিবি সভাপতি হিসেবে তামিম তার বন্ধুর জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন। জানতে পারবেন। মানে আমার খারাপ লাগছে। দুঃখ লাগছে যে তার মতো এমন মানের ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি।’
আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর শেষ টেস্ট হবে সিলেটে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.