মায়ের সঙ্গে নিস্বর্গ হোসেন তূর্য। ছবি: সংগৃহীত
মায়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন সেই অপেক্ষায় ছিল সে। কিন্তু মৃত্যুর আগে আর মায়ের দেখা পাওয়া হয়নি তার। শেষ পর্যন্ত মায়ের আদর-স্নেহ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিতে হলো শিশুটিকে। আর সন্তানকে শেষবারের মতো দেখতে হলো মায়ের কারাগারের ফটকে, যখন তার নিথর দেহ নিয়ে হাজির হন স্বজনরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মারা যায় নিস্বর্গ হোসেন তূর্য। মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু কারাগারের দূরত্ব, নিরাপত্তাসহ নানা জটিলতায় জীবিত অবস্থায় সেই ইচ্ছা পূরণ হয়নি।
তূর্যের মা শারমিন সুলতানা শর্মী বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। তবে প্যারোলে মুক্তি না পাওয়ায় সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তূর্যের মরদেহ নিয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান তার বাবা শাহাদাৎ হোসেন নিপু। সেখানে কারাফটকে সন্তানের নিথর মুখ শেষবারের মতো দেখেন বন্দি শারমিন সুলতানা। পরে মরদেহ নিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিন সুলতানা তার সন্তানকে দেখেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় কারাফটকে সন্তানকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়।
তূর্যের অসুস্থতা, চিকিৎসার অনিশ্চয়তা এবং মায়ের অনুপস্থিতিতে তার দেখভাল নিয়ে আগেও উদ্বেগ তৈরি হয়েছিল। গত ৬ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের নিয়মিত চিকিৎসা, ওষুধপত্রের সংকট এবং অসমাপ্ত একটি অস্ত্রোপচার নিয়ে পরিবার দুশ্চিন্তায় ছিল। অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্বও পড়েছিল ছোট বোন তূর্নির ওপর। সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত বলে জানিয়েছে পরিবার।
পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। বারবার বলছিলেন, সন্তানকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। বাবা-মা ছাড়া তার দেখাশোনা করার মতো কেউ নেই।
আদালতে শর্মীর কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পরিচর্যার বিষয়টি বিবেচনায় নিয়ে তার মুক্তির দাবিও ওঠে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সন্তানের মৃত্যুর পর শোকে ভেঙে পড়েন বাবা শাহাদাৎ হোসেন নিপুও। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।’
শনিবার আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.