ছবি: সংগৃহিত।
নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদের মধ্যকার কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.