সিলেটের গোলাপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজে সিলেটভিউ-কে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে সিলেটের শীর্ষ জনপ্রিয় ও সর্বাধিক পঠিত নিউজ পোর্টাল sylhetview24-এ ‘পায়ের নিচে পতাকা! সিলেটজুড়ে তোলপাড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।


জানা যায়, গতকাল (সোমবার) ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস- মহান একুশে ফেব্রুয়ারি। দিবসটি পালনের লক্ষ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং বাজারের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন স্থাপিত শহীদ মিনার। উদ্বোধনের একপর্যায়ে বিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে ওঠে ফটোসেশন করেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় শহীদ মিনার বেদির নিচদিকে- পায়ের নিচে রাখা হয় দেশের জাতীয় পতাকাটি। যেটি স্পষ্টত পতাকার অবমাননা।

ফটোসেশনে ছিলেন- বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহবাবুর রহমান খান শিশু, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার কাশিমী জসিম, কালীদাসপাড়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অজিউর রহমান ছানা, কালীদাসপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আখতার মিয়া, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস টিপু, অলিউর রহমান ও স্থানীয় ছাত্রলীগ নেতা দ্বীপ।

এ ঘটনার একটি ছবি গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে নিন্দার ঝড় ওঠে। সচেতন ব্যক্তিদের বক্তব্য- একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি এমন কাণ্ড ঘটানো হয় তবে শিক্ষার্থীরা শিখবে কী? এ কাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কামরুন নেহারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, এ প্রতিবেদকের কাছ থেকে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে খোঁজ নেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। পরে তিনি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতি নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকাকে অসম্মান করার বিষয়টি গণমাধ্যমে ওঠে আসার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর একটি চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। সেই চিঠিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়- জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এ জাতীয় পতাকা সংক্রান্ত বিধিমালা সন্নিবেশিত রয়েছে, যার প্রতিপালন বাধ্যতামূলক।

বাংলাদেশের পতাকা বিধিমালার মধ্যে একটি হচ্ছে- ‘জাতীয় পতাকা নিচু করা যাবে না বা ভূমি স্পর্শ করানো যাবে না; পতাকা কখনোই মেঝেতে, ভূমিতে, পানিতে বা সমতলে স্পর্শ করানো যাবে না।’


সিলেটভিউ২৪ডটকম / ডালিম