ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি জাতির উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে দেশের সর্বত্র মার্শাল ল জারি করেছেন।

আল জাজিরা জানায়, এক ভিডিও বার্তায় জেলেনেস্কি নিজ দেশের নাগরিকদের রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় তার সরকারের গৃহীত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন,‘সকালে (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট পুতিন ডনবাসে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। রাশিয়া আমাদের সামরিক স্থাপনা এবং সীমান্তরক্ষীদের উপর হামলা করছে। ইউক্রেনের বিভিন্ন শহরে আমরা বিস্ফোরণের আওয়াজ শুনেছি। দেশের সর্বত্র মার্শাল ল জারি করছি।’


তিনি আরও যোগ করেন,‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক মিনিট আগে কথা বলেছি। ইতোমধ্যে, আন্তর্জাতিক সমর্থন তৈরিতে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে। আজ সবার (নাগরিক) উচিত শান্ত থাকা। যদি সম্ভব হয় তাহলে বাড়িতে থাকুন। আমরা কাজ করছি। সেনাবাহিনীও কাজ করছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাই যৌথভাবে কাজ করছে।

তিনি রাশিয়ার বিরুদ্ধে জয়ের আশা ব্যক্ত করেন। তিনি বলেন,‘দুশ্চিন্তার কিছু নেই। আমরা শক্তিশালী। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমরা বিজয়ী হবো কারণ আমরা ইউক্রেনের নাগরিক।’

সিলেটভিউ২৪ডটকম/পিডি