সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা স্ব স্ব ক্লাসে যান। তবে মধ্যরাতের ঘটনায় দুপক্ষের কেউ থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে প্রায় ৫০ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দেয় ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা-কর্মীদের দাবি, যাদের বের করে দেওয়া হয় তারা শিবিরের কর্মী। বের করে দেওয়া শিক্ষার্থীরা পরে রাত পৌনে একটার দিকে ছাত্রাবাসে ফেরেন।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে উত্তেজনা বিরাজ করে। এসময় ছাত্রাবাসের সামনে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। ছাত্রাবাসের বাইরে রিকাবীবাজার-চৌহাট্টা সড়কে রাখা ছিল পুলিশের জলকামান। রিকাবীবাজার মোড়ে ছিল পুলিশের সাঁজোয়া যান। ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা কিছুক্ষণ পরপর ভেতরে মিছিল করছিলেন। অন্যদিকে ছাত্রাবাসের ফটকের ডান পাশে বিতাড়িত শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিলেন।
রাত পৌনে একটার দিকে ছাত্রাবাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরের রিকাবীবাজারের দিকে চলে যান। পরে তারা রিকাবীবাজার মোড়ে অবস্থান নেন। তখন ছাত্রাবাসের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যান।
রাত দেড়টার দিকে রিকাবীবাজার মোড় থেকে মিছিল নিয়ে আবার ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসে প্রবেশ করেন। রাত দুইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসের মধ্যে মিছিল করেন। পরে রাত আড়াইটার দিকে তারা ছাত্রাবাস থেকে চলে যান। রাত পৌনে তিনটা পর্যন্ত ছাত্রাবাসের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে পরিস্থিতি শান্ত হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সিলেটভিউ-কে বলেন, বুধবার রাতে ছাত্রাবাসের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। পরে ছাত্রাবাসের পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করেনি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




