গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী বুধবার রাতে গণ ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


মানববন্ধনে গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং বিভিন্ন সময়ে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা থামছে না। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে অপরাধ বাড়ছে। অধিকাংশ সময়ই অপরাধীরা পার পেয়ে যায়।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, গতকাল বশেমুরবিপ্রবি’র এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় এবং তার সহপাঠীকে মারধোর করা হয়। একটা সভ্য রাষ্ট্রে এই ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়া, রানাপ্লাজা, তাজনীন ফ্যাশন, সেজান জুসের কারখানা এবং আশুলিয়ার জুতা কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের দৃশ্যমান কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করেন তারা।

এদিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার নেতাকর্মীরা বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এবং আশুলিয়ায় অগ্নিকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়াও অগ্নিকান্ডের ঘটনায় যাদের দায়িত্বের অবহেলার ফলশ্রুতিতে শ্রমিকদের প্রাণ গিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৩০