গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘ, সিংহ আর জেব্রার মৃত্যুর পর বিরল একটি বন্যপ্রাণী লেমুরের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

রোববার লেমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম জানান, গত শুক্রবার বিকালে অজ্ঞাত কারণে লেমুরটি মারা গেছে।


তবে সাফারি পার্কের দায়িত্বে থাকা বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম পার্কের স্বাভাবিক পরিবেশ ঠিক রাখতে সংবাদ পরিবেশ না করার অনুরোধ করেন।

পার্ক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে পার্কে একটি লেমুর মারা যায়। পরে প্রাণীটির ময়নাতদন্ত সম্পন্ন করে মাটিচাপা দেওয়া হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে মৃত্যুর কারণ গোপন রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, পার্কে একটি লেমুর মারা গেছে। প্রাণীটি কি কারণে মারা গেছে সে বিষয়ে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে লেমুরটি বয়স্ক ও চর্বি বেশি থাকায় মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৮


সূত্র : যুগান্তর