একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতাকে যুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে একটি লিখার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে তাঁর পরিবার।

সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং মৌলভীবাজারের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় জনৈক সোহেল আহমদ চৌধুরী একটি নিবন্ধ লিখেছেন। ‘মুক্তিযুদ্ধে আনসার কেরানী মহিব উদ্দিন চৌধুরীর অবদান শীর্ষক এই নিবন্ধে মুক্তিযুদ্ধের সংগঠক, একাটুনা ইউনিয়ন পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মরহুম আছকির মিয়াকে ১৯৭১ সালে হানাদার বাহিনীকে সহযোগিতা করার কথা উল্লেখ করা হয়। এরই প্রতিবাদে আছকির মিয়ার পরিবার ও এলাকার মুক্তিযোদ্ধারা সাংবাদিক সম্মেলন করে।

নিবন্ধে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের আগস্ট মাসে মহিব উদ্দিন চৌধুরীকে রাজনগর উপজেলার আশ্রকাপন গ্রাম থেকে পাকিস্থানীরা ধরে নিয়ে আসে। এসময় মরহুম আছকির মিয়া পাকিস্থানীদের সহযোগিতা করেছিলেন। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, আছকির মিয়া একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কোনভাবেই পাকিস্থানীদের সহযোগিতা করেন নি। আছকির মিয়া যে একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযুদ্ধকালীন আছকির মিয়ার সহযোগী মুক্তিযোদ্ধাদের বক্তব্যে উঠে আসে।

এছাড়া সংগঠক আছকির মিয়া ১৯৭১ সালের ২৭ মার্চ মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক গণমিছিলে প্রধান ভূমিকা পালন করেছিলেন। এছাড়া স্থানীয় রাজাকারের তালিকায়ও মরহুম আছকির মিয়ার নাম নেই।

তাই এই লিখার তীব্র প্রতিবাদ জানান- উপস্থিত মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও মরহুম আছকির মিয়ার পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মরহুম আছকির মিয়ার ছেলে আম্বিয়া মিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক কমান্ডার জামাল উদ্দিন, একটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, আছকির মিয়ার সহযোগী মুক্তিযোদ্ধা নেছার আহমদ লেচু, দুরুদ আহমদ, মুক্তিযুদ্ধ লেখক সরওয়ার আহমদ ও সাংবাদিক বকসি ইকবাল আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-০৯