জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী ভুমি আত্মসাৎ ও নিজের স্বার্থসিদ্ধির জন্য একজন মানসিক প্রতিবন্ধীকে হত্যার অভিযোগ এনে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন কাজীটুলা ই ব্লকের ৩২ নং বাসার মৃত মো. নুরুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম শামীম। কোতোয়ালী সিআর মামলা নং- ২৫২/২০২২ইং।
তিনি মামলাতে উল্লেখ করেন, তার মানসিক প্রতিবন্ধী বড় ভাই ফয়জুল ইসলাম ৫ ফেব্রুয়ারি বাসার কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি এসএমপির কতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেন তিনি। জিডি নং- ৮৬৯। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি বিয়ানীবাজার থানার জিডি এন্ট্রি নং- ৬৪৭ এর প্রেক্ষিতে বিয়ানীবাজারের দুবাগ এলাকার আল তায়েফ ব্রিক ফিল্ডের পূর্ব পাশে জনৈক মাওলানা আব্দুল গফুরের বাড়ীর রাস্তা থেকে প্রতিবন্ধী ফয়জুর ইসলামের লাশ উদ্ধার করা হয়। ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুল ইসলাম শাকিল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
তিনি দাবি করেন, সম্পদের লোভে পরিকল্পিতভাবে প্রতিবন্ধী ফয়জুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ন্যায় বিচার প্রার্থনা করেছেন বাদীর পরিবার-পরিজন।
এই হত্যাকন্ডে সাইফুল ইসলাম শাকিলের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত দরখাস্ত মামলাটির এফআইআর গণ্য করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪২




