রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল বুধবারের মধ্যে ইউক্রেনে রুশ বাহিনীর জয় নিশ্চিত করার পরিকল্পনা করেছেন। এই সময়ের মধ্যেই তিনি ইউক্রেনে তাঁর বিশেষ সামরিক অভিযান শেষ করতে চান। অভিযান শুরুর আগে এটাই ছিল রুশ প্রেসিডেন্টের প্রাথমিক নির্দেশনা।

রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ এ কথা বলেন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে গত রবিবার তিনি বলেন, ইউক্রেনে অভিযান চালানোর পর রুশ বাহিনী যে প্রতিরোধের মুখে পড়েছে, সেটা মস্কো আগে ধারণা করতে পারেনি। একই সঙ্গে এটাও রাশিয়ার ধারণার মধ্যে ছিল না যে ইউক্রেনে অভিযান চালানো হলে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এত কঠিন অবরোধের মধ্যে পড়তে হবে।

ইউক্রেনে রুশ অভিযান গতকাল পঞ্চম দিনে গড়িয়েছে। তার মানে হচ্ছে, প্রেসিডেন্ট পুতিন মোটামুটি এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে বিজয় নিশ্চিত করে অভিযান শেষ করার পরিকল্পনা নিয়েছিলেন। যদিও গতকাল পঞ্চম দিনে যুদ্ধ চলমান রেখেই রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল শান্তি আলোচনায় বসে।

আন্দ্রে ফেদোরভের মতে, ইউক্রেনে রুশ বাহিনীকে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে, এটাই স্বাভাবিক। তিনি বলেন, ‘আমি আবারও বলছি... আমি ইউক্রেনকে চিনি, সেখানে কেউ রাশিয়ার সেনাদের জন্য নিশ্চয়ই ফুল নিয়ে অপেক্ষা করবে না। এটাই হলো বাস্তবতা। ’

সাবেক এই রুশ উপরাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর উদ্দেশে বলেন, ‘ঠিক আছে... আমরা বড় দেশ, আমাদের বড় অর্থনীতি, কিন্তু তোমরা অবরোধ দিও না। আমরা তোমাদের তেল ও গ্যাস দিই। বাস্তবতা হলো, অবরোধ দিলে অনেক কঠিন সমস্যার সৃষ্টি হবে। ’

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩২


সূত্র : কালের কণ্ঠ