উন্নতি হয়নি পরিস্থিতির। আজও (বৃহস্পতিবার- ৩ মার্চ) সিলেটে সয়াবিন তেলের ‘সঙ্কট’ বলছেন কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা। ‘সঙ্কট’ দেখিয়ে সোয়াবিল তেল দেওয়া হচ্ছে না দোকানগুলোতে। এ সুযোগে সিলেটে এ ভোজ্য তেলের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে এমন কোনো দৃশ্য আজ সিলেটে কোথাও দেখা যায়নি।


গত কয়েকদিন ধরে দুই-পাঁচ টাকা করে বাড়তেই আছে সয়াবিন তেলের দাম। এই অবস্থায় সিলেটের বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠেছে কোম্পানিগুলোর বিরুদ্ধে।

সিলেটেরর খুচরো ব্যবসায়ী ও ভুক্তভোগীরা বলছেন- দাম বাড়ার খবরে কৃত্রিম সঙ্কট তৈরি করছে তেল কোম্পানিগুলো। কোম্পানিগুলো অধিক লাভে তেল বিক্রির জন্য এমনটি করছে বলে তাদের অভিযোগ। এ অভিযোগের সত্যতাও মিলেছে। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রূপচাঁদা কোম্পানির ডিলারের কাছে এ প্রতিবেদক ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে ওই ডিলার জানান- তাদের কোম্পানির তেলের কোনো সঙ্কট নেই। তবে এর কিছুক্ষণ পরই আম্বরখানা এলাকার এক ব্যবসায়ী রূপচাঁদার এস.আরকে ফোন করে তেল দেওয়ার কথা বললে সেই এস.আর ‘তেল সঙ্কট’ বলে জানান।

শুধু রূপচাঁদাই নয়, বেশ কয়েকজন খুচরো ব্যবসায়ী সিলেটভিউ-কে জানান- গত ৪-৫ দিন ধরে প্রায় সকল কোম্পানির সোয়াবিন তেলের বিক্রয় প্রতিনিধিরা তাদের কোম্পানিতে তেল সঙ্কট বলে জানাচ্ছেন এবং চাহিদার তোলনায় দোকানগুলোতে তেল কম দিচ্ছেন। বুধবার (২ মার্চ) সে হার আরও কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। আর বৃহস্পতিবার কোম্পানিগুলো তেল দিচ্ছেই না বললে চলে।

এদিকে ক্রেতারা বলছেন- ‘কৃত্রিম এই তেল সঙ্কটকে’ পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিয়েছেন সোয়াবিন তেলের দাম। লিটার প্রতি কেউ কেউ ২ শ টাকাও নিচ্ছেন। কেউ কেউ নিচ্ছেন তার চাইতেও বেশি। এ অবস্থায় সিলেটে চরম বিপাকে পড়েছেন মধ্য থেকে নিম্ন আয়ের মানুষ।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মো. ফখরুল ইসলাম বুধবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, ভোজ্যতেল নিয়ে কয়েকদিন থেকে কিছুটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তবে কেউ যদি সিলেটে কৃত্রিম সঙ্কট তৈরি করতে চায় তবে আমরা পদক্ষেপ নিবো। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

তবে এ বিষয়ে সিলেটে কোনো পদক্ষেপ নেয়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে সিলেটভিউ-কে বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই আমাদের কাছে। পরিচালক স্যার যদি বলেন তবে আমরা অভিযানে যাবো।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম