মৌলভীবাজারের কমলগঞ্জে “বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বন্যপ্রাণী দিবসে আলোচনা সভা ও বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্নে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ও জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রবেশদ্বারে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ গতিসীমা ২০ কি.মি. এ সীমিত রাখতে বিশ্ব বন্যপ্রাণী দিবসে জনসচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. সহিদুল ইসলাম প্রমুখ।
কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার স্কাউটস দল, পুলিশ, র্যাব, বন্যপ্রাণী বিভাগ, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচী পালন করা হয়।
যানবাহনের গতিসীমা ঘন্টায় ২০ কি.মি. সীমিত রাখতে উদ্যানের শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে নূরজাহান চা বাগান সড়কের সংযোগে ও কমলগঞ্জের প্রবেশদ্বার লাউয়াছড়া ডরমিটরির সম্মুখে দু’টি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। বনবিভাগ ও স্কাউটস দলের সদস্যরা গাড়ি থামিয়ে সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করেন এবং বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণে যানবাহন চালকেদের পরামর্শ প্রদান করেন। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান ও বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিরল প্রজাতির একটি ছোট লেজি বানর লাউয়াছড়া বনে অবমুক্ত করেন।
এব্যাপারে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সড়কে বন্যপ্রাণী মারা যাওয়া রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে বন্যপ্রাণী দিবসে এই কর্মসূচী পালিত হচ্ছে। এই কর্মসূচীর মধ্যদিয়ে যানবাহন চালকদের মধ্যে সচেতনা সৃষ্টি হবে। এজন্য এক প্রান্ত থেকে সাড়ে ৭ কি.মি. পেরিয়ে অন্যপ্রান্তে গাড়ি পৌঁছাতে যাতে ২০ মিনিট সময় চালকরা ব্যয় করেন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান বলেন, লাউয়াছড়ায় বিরল প্রজাতির প্রাণী রয়েছে। তাই সড়কপথে যানবাহনের গতি নিয়ন্ত্রিত হলে রাস্তা পারাপারের সময় প্রাণীর মৃত্যু রোধ হবে। বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রশংসনীয় এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসলে বন্যপ্রাণী রক্ষা পাবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২১




