সিলেট নগরীতে যানজট নিরসন, যান চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, জিন্দাবাজার ও আশপাশ এলাকায় ট্রাফিক আইন মানতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয়।


এসময় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬১টি যানবাহন আটক ও ৫৩টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদও করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।

অভিযানে অংশ নেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদার, টিআই দেলোয়ার হোসেন খান, টিআই সরওয়ার মো. পারভেজসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৭