সারাবিশ্বে কান তথা শ্রবণের যত্নের প্রতি সচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৭ সাল থেকে ৩রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস পালন করে আসছে । এই উপলক্ষে উপজেলা পর্যায়ের জনগণের মাঝে কানের বিভিন্ন রোগ, শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কে এবং শ্রবণ শক্তির গুরুত্ব তুলে ধরতে বিশ্বনাথে বিশ্ব শ্রবণ দিবস উদযাপন করা হয়।
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শুক্রবার (৪ মার্চ) সকাল দশ ঘটিকায় ইএনটি ইউনিট, সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বনাথের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্বনাথের রামপাশা রোডস্থ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাজ্ঞনে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মো: আব্দুল কাদিরের উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবির আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাসুদ আলম।
পরবর্তীতে এবারের বিশ্ব শ্রবণ দিবসের প্রতিপাদ্য ‘যত্নের সাথে শুনুন; জীবনভর শুনুন’ এর আলোকে বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের রেজিস্ট্রার নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা: মো: আব্দুল হাফিজ শাফী। সহজ সাবলীল বাংলায় বিভিন্ন সচেতনতামূলক ছবি সম্বলিত প্রেজেন্টেশনটি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাস্থ্য সেবার সাথে জড়িত উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ উপভোগ করেন।
প্রশ্নোত্তর পর্বের পর ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস ম্যানেজার মো: ফেরদৌস । সমাপনী বক্তব্যে সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর এ. এস.এম নাসের উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজনে সবাইকে পাশে থাকার আহবান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




