সিলেটের বিশ্বনাথে আগামী ৬ মার্চ রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি আগমন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয় ওই দিন মন্ত্রী বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


অনুষ্ঠান সফল ও সুন্দর করতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, মন্ত্রীর কাছে বিশ্বনাথে গ্যাস সংযোগ, পৌরসভা হাসপাতাল নির্মাণ ও প্রতিটি সড়ক সংস্কারসহ বেশকিছু দাবি তুলে ধরা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান প্রমুখ।

সভায় জানানো হয় বিশ্বনাথে পরিকল্পনা মন্ত্রীকে স্বাগত জানিয়ে ৫ মার্চ শনিবার বিকেল ৪টায় পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হবে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতি কামনা করেছে নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ অপু/ শাদিআচৌ-০৫