প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। আগামী সোমবার ঢাকা ত্যাগ করে ১২ মার্চ ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরও অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। এছাড়া ৮ মার্চ নারী দিবসে ওই দেশের আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি জানান, শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, অভিবাসী শ্রমিক, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে সবসময় আমরা আলোচনা করি। এবারে খাদ্য নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করতে আমরা আগ্রহী। আরব আমিরাত তাদের খাদ্যের বেশিরভাগ আমদানি করে থাকে। আমরাও সেখানে খাদ্য রপ্তানি করতে চাই। বাংলাদেশের সক্ষমতা আগের থেকে অনেক বেশি এবং আমরা এখন বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী গুণগত মানের পণ্য উৎপাদনে সক্ষম। এছাড়াও কৃষিখাতে বাংলাদেশের যে সফলতা ও বিশেষজ্ঞ জ্ঞান আছে, তা অবগত করা যেতে পারে। এক্ষেত্রেও পারস্পারিক সহযোগিতা সম্ভব।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩০
সূত্র : ঢাকা টাইমস




