ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বোমা ফেলছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা প্রধান এই অভিযোগ করেছেন।

শনিবার সংবাদমাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে ওলেক্সি রেজনিকোভ বলেন, কিছু জায়গায় রাশিয়ার সেনাবাহিনী অগ্রসর হয়েছে। তবে দখলদার হঠাতে ইউক্রেনের বাহিনী প্রতিরোধ করে যাচ্ছে।


রুশ বাহিনী অগ্রসর হয়েছে স্বীকার করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তবে তারা খুব সামান্য অংশের নিয়ন্ত্রণ নিতে পেরেছে। আমাদের যোদ্ধারা তীব্রভাবে তাদের প্রতিরোধ এবং হঠিয়ে দিচ্ছে।

ইউক্রেন সেনাদের আক্রমণ এবং প্রতিরোধে রুশ বাহিনীর গতি শ্লথ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তারা কৌশল পরিবর্তন করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা প্রধান বলেন, আজ থেকে ইউক্রেনের আকাশ সব থেকে ঝুঁকিপূর্ণ। আগ্রাসী বাহিনী ব্যাপকভাবে আকাশসীমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তাদের সকল ধরনের আকাশযান আমাদের শহর, নগর ও বেসামরিক স্থাপনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বোমা ফেলছে। এর মধ্যে পারমাণবিক এবং হাইড্রো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রেজনিকোভ বলেন, রাশিয়ার বাহিনী আবাসিক ভবন, স্কুল এবং শিশুদের কিন্ডারগার্টেন ছাড়াও হাসপাতালগুলো টার্গেট করছে। তারা চার্চ এবং ক্যাথেড্রল ধ্বংস করছে, যে মাধ্যমটি ব্যবহার করে (রেলওয়ে) হাজারো নারী ও শিশু শহর ছেড়ে যাচ্ছে সেখানে গোলাবর্ষণ করছে। এগুলো ভীত খেকশিয়ালের কৌশল উল্লেখ করে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, তাদেরকে প্রতি ফোঁটা জল এবং প্রতিটি প্রাণের মূল্য দিতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৯


সূত্র : সিএনএন