কিডনি রোগে আক্রান্ত লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসার্থে ''ড্রিবল ফর রুপক’ শীর্ষক ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া সংগঠন স্পোর্টস সাস্ট।
রবিবার (৬ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাফায়েত জামিল সৌরভ।
তিনি জানান, আগামী ১৩ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্নামেন্ট শুরু হবে। যা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় নির্ধারিত ট্রেন্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। এন্ট্রি ফি ৫০০টাকা। এছাড়া দলে সর্বোচ্চ ৭ জন খেলোয়াড় থাকবে এবং ৫ জন খেলতে পারবে।
আয়োজনের বিষয়ে সৌরভ বলেন, স্পোর্টস সাস্ট সব সময় ক্যাম্পাসের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এরি ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। আমরা চাই রুপক ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তাই ক্যাম্পাসের খেলাধুলাপ্রেমি মানুষদের সাথে নিয়ে ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আয়োজন। ভাইয়ের চিকিৎসার খরচটা হয়তো অনেক বড় পরিমাণের কিন্তু সবাই নিজের জায়গা থেকে এগিয়ে আসলে এই বাধা কোন বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মুজিবুর রহমান রুপক শাবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । তার দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে চিকিৎসা বাবদ তার জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই ও বিভিন্ন সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফান্ড কালেকশনে কাজ করে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / মাসুদ / ডি.আর




