সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট বিভাগের সরকারী ও বেসরকারী ৭টি মেডিকেল-ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর কাছে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. বিলাল আহমদ চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা-ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আশিকুর রহমান মজুমদারসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণ এবং ডেন্টাল ইউনিটের প্রধানগণ।

পরে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণ উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর কাছ থেকে স্ব স্ব কলেজের ফলাফল গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. বিলাল আহমদ চৌধুরী জানান, এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা গত ৩১ ডিসেম্বর এবং বিডিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়। পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশের সকল কার্যক্রম সম্পন্ন করে আজ ফলাফল প্রকাশিত হলো।

এমবিবিএস কোর্সের পরীক্ষায় ৬৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৯৯ জন। পাসের হার ৭৬.৩০ শতাংশ এবং বিডিএস কোর্সের পরীক্ষায় ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৬১ জন। পাসের হার ৬৮.৫৪ শতাংশ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী মহোদয় বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা এ পরীক্ষা নিতে সক্ষম হয়েছি এবং এর ধারাবাহিকতায় ফলাফল প্রকাশিত হলো। এ জন্য আমি ডিনগণসহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এ বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হব। সেই সাথে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪