গানে গানে প্রধানমন্ত্রীকে খেলার মাঠ, পার্ক, বাজারসহ বিভিন্ন স্থাপনার জন্য জমির প্রয়োজনের কথা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর কাঁচকুড়া এলাকায় উত্তর সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবদার করেন তিনি।
গানের সুরে সুরে মেয়র বলেন, ‘পরের জায়গা পরের জমি…ঘর বানাইয়া আমি রই…আমি তো সেই ঘরের মালিক নই।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি না, আপনি হলেন ঘরের মালিক। আমি করজোড়ে হাত তুলে আপনাকে বলব- এই এলাকার জন্য যদি পার্ক, মাঠ করতে চাই একটু জায়গায়ও সিটি করপোরেশনের নাই। এগুলো (জায়গা) প্রত্যেকটি সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আছে। আপনি আমাদের জায়গা দিন, আমরা নিজ খরচে সব করে নিতে পারব।’
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিএনসিসির ৪৪ নং ওয়ার্ডস্থ কাঁচকুড়া হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। মেয়রের গান শুনে তিনি হাত তালি দিয়ে স্বাগত জানান।
আতিকুল ইসলাম জানান, ডিএনসিসির নতুন অঞ্চলের উন্নয়নে ২৬ হাজার ৫৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রাথমিকভাবে ৪ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেজন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
২৪ ইঞ্জিনিয়ারিং কোরের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন প্রকল্পের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৮
সূত্র : যুগান্তর




