বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, চায়ের গুনগত মান ঠিক রাখতে পারলে চায়ের দাম ভালো পাওয়া যাবে। এতে করে দেশ ও বিদেশে চায়ের চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি পাবে।

রবিবার (৬ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিট আয়োজনে প্রথমবারের মতো চা বাগান ব্যবস্থাপক ও ব্রোকার্স, টি প্লান্টার প্রতিনিধিদেরকে নিয়ে ৫ দিনব্যাপী টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


এসময় তিনি আরও বলেন, ‘আমাদের টি প্লান্টার্সরা টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটাই প্রথম একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের আন্তরিকতায় বাংলাদেশের চা শিল্প উত্তরোত্তর সমৃদ্ধ হবে।’

বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ.কে. এম রফিকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ড ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন, ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

৫ দিনব্যাপী টি টেস্টিং এন্ড কোয়ালিটি কোর্সে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড় ও কুড়িগ্রাম থেকে আসা ৬০ জন অংশগ্রহন করেন।

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/পিডি