সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মাসিক কল্যাণ সভায় জৈন্তাপুর উপজেলার অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ উপজেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশংসনীয় ভূমিকা পালন করায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

রবিবার (৬ মার্চ) জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হল রুমে আয়োজিত মাসিক কল্যাণ সভায় গোলাম দস্তগীরের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এ সভায় সভাপতিত্ব করেন।


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম-এর নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি জৈন্তাপুর উপজেলার সকল ধরনের অপরাধ নির্মূল এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়া যে কোন সমস্যা সমাধানের জন্য জনগনের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/হানিফ/পিডি