ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো জয় বাংলা ঘুড়ি উৎসব।
মুজিব শতবর্ষের লগো, টাইগার, মাছ, কচ্ছপ, প্রজাপতি, ব্যঙ্গাচি, চিল, ঈগলসহ শতাধিক ঘুড়ি স্থান পায় এ উৎসবে।
সোমবার (৭ মার্চ) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে যোগ দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় এই বর্ণিল ঘুড়ি উৎসবে মেতে উঠেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। চলে ঘন্টাব্যাপি হৈ-হুল্লোড় আর ঘুড়ি উড়ানো। প্রতিটি ঘুড়ি তৈরিতে রয়েছে শৈল্পিক নিদর্শন। স্কুল মাঠের নীল আকাশে ছোট বড় রঙ বেরঙের ঘুড়ি উড়ে বেড়ায়।
তবে ঘুড়ির আকার অনুযায়ী পর্যাপ্ত বাতাস না থাকায় অনেক ঘুড়ি উড়ানো সম্ভব হয়নি।
জেলা প্রশাসন জানায়, একদিনের জন্য হলেও শিশু কিশোরসহ সবাইকে একটা রঙিন উৎসবের সাথে যুক্ত করার লক্ষে এই আয়োজন।
সিলেটভিউ২৪ডটকম/টএফ/এসডি-০৯




