সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সকালে এক দাম তো বিকালে আরেক দাম।

বাজারগুলোতে চাল, পিয়াজ, চিনি ও সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের দাম হু হু করে বাড়ছে। সাধারণ ক্রেতারা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এখন রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিশেষ করে সয়াবিন তেল এবং মোটরসাইকেলের পেট্রোল অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা।


উপজেলার বাদাঘাট, বালিয়াঘাট, তাহিরপুর সদর, শ্রীপুর, কাউকান্দি, বড়ছড়া জয় বাংলা, চারাগাঁও ,কলাগাঁও, বাগলী, আনোয়ারপুর, বালিজুড়ি বাজার সহ বিভিন্ন ছোট বড় বাজারে নিয়মিত উপজেলা প্রশাসনের মনিটরিং না থাকায় দোকানীরা ইচ্ছেমতো মূল্য বৃদ্ধি করে বিক্রি করার অভিযোগ উঠেছে।

এসব বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দোকানিরা একদিন আগেও এক বস্তা (৫০ কেজি) চাল ২২শ’ টাকা ছিল, পরের দিন একই চাল ২৮শ’ টাকা, পিয়াজ কেজি ৫০ টাকা থেকে ১শ টাকা, চিনি ৮০ থেকে ১শ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার দেড়শ’ থেকে ২শ টাকা দোকানীরা ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

বাজারে নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করে দোকানীরা পন্য বিক্রি করলেও উপজেলা প্রশাসন থেকে তেমন বাজার মনিটরিং করছেন না বলে জানিয়েছেন ভুক্তভুগি ক্রেতারা। এছাড়া ক্রেতারা পণ্য পাবেন না আসায় কেউ কেউ অগ্রিম এক কেজি’র স্থলে ৫ থেকে ৭ কেজি করে তেল সহ বিভিন্ন পন্য ক্রয় করছেন বলে জানিয়েছেন নিত্যপণ্য ব্যবসায়ীরা।

কামড়াবন্ধ গ্রামের আওয়াল জানান, মাহে রামজানের প্রভাবে চাল সীমিত দেখিয়ে বাজারে যে চাল একদিন আগেও ২২শ’ টাকা ছিল, সেই চালই এখন প্রতি বস্তা ২৮শ’ টাকা ধরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এছাড়া সয়াবিন তেল গায়ের মূল্য (দুই লিটার) ৩৩৫ টাকা, অথচ দোকানীরা বিক্রি করছেন ৪শ টাকা। মোটরসাইকেল পেট্রোল ছিল ৯০ টাকা এখন কিনতে হচ্ছে প্রতি লিটার ২শ টাকা।

বালিয়াঘাট গ্রামের ইসলাম উদ্দিন জানান, বুধবার বালিয়াঘাট নতুন বাজারে পিয়াজ কিনতে চাইলে দোকানিরা প্রথমে পেয়াজ নাই বলে জানান। পরে অনুনয় করে ৩৫ টাকার পিয়াজ ১শ’ টাকা কেজী ধরে কিনেছেন তিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির জানান, কোন অজুহাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবেনা। বাজার মনিটরিং করে অবৈধ ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি এ উপজেলার নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত ভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বা অধিক মুনাফা লাভের আশায় দরিদ্র ক্রেতাদের দুর্ভোগ সৃষ্টি না করে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-১৭