সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এর আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ১৫দিন ব্যাপী মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর চর্তুদশতম দিন ৯ মার্চ দিগন্ত থিয়েটার সিলেট তাদের প্রযোজনা পেজগী নাটকটি কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ করে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দিবাকর সরকার শেখর, তাহসিন তাবাসসুম সূচনা, দূর্জয় পুরকায়স্থ, কামরুন নাহার শাওন, সাইফুর রহমান চৌধুরী সুমন, মাহমদুস সামাদ মারুফ, অজয় চক্রবর্তী ও নন্দিতা তালুকদার দৃষ্টি। প্রখ্যাত ফরাসী নাট্যকার জে বি পি মলিয়ের এর নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপু আমান এবং নির্দেশনা দিয়েছেন দিবাকর সরকার শেখর।


মলিয়েরের পেজগী নাটকে এক অশিক্ষিত কাঠমিস্ত্রির কবিরাজ হয়ে ওঠা এবং উচ্চবিত্ত পরিবারের এক মেয়ের ভুল চিকিৎসার মধ্য দিয়ে নাটকের কাহিনি এগোতে থাকে। ফরাসি নাটকের মূল পটভূমি ঠিক রেখে বাংলাদেশের পুরান ঢাকার বাসিন্দাদের বৈচিত্রপূর্ণ জীবন-সংস্কৃতি রূপায়িত হয়েছে পেজগী মঞ্চায়নে।

নাটকের কুশীলবদের মুখে হিন্দি-বাংলা-ইংরেজী মিলিত ভাষারূপ এ কমেডি নাটকের পূর্ণতা দিতে সহায়ক হয়েছে। বাংলাদেশের সমসাময়িক সামাজিক দৈন্যতা ও স্খলনের নানা প্রসঙ্গও যুক্ত হয়েছে পেজগী নাটকের সংলাপের মাধ্যমে। ভুল চিকিৎসা করেও চালাকির মাধ্যমে কবিরাজ বহুবার বেঁচে যায়। তবে শেষ রক্ষা হয় না। তাকে ধরা পড়তে হয়। কবিরাজের চালাকি ধরা পড়ার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে। নাটকটির মাধ্যমে নাট্যকার মূলত অশিক্ষা ও অপসংস্কৃতি  যে কী ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন।

নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাট্যদল কে সন্মাননা জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাবেক সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী মিঠু, বিলাত বাংলা ভিশন, ইংল্যান্ড এর আহবায়ক জন্মেজয় দেব দুলু ও নাট্য সংগঠক ও নির্দেশক উত্তম সিংহ রতন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত' পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।এসময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।

আজ ১০ মার্চ মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর পঞ্চদশ এবং শেষ দিন বিলাত বাংলা ভিশন নুর হুসেন এবং লকডাউন নাটকটি কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ করবে। নাটকটি রচনা করেছেন জন্মেজয় দেব দুলু এবং নির্দেশণা দিয়েছেন আশরাফুল ইসলাম চৌ মিঠু।

উল্লেখ্য যে, এই সংগঠনটি নাট্য পরিষদের আমন্ত্রণে সুদূর ইংল্যান্ড থেকে শুধুমাত্র নাটকের টানে এখানে এসেছেন। সংগঠনের সকলেই সিলেটের কোন না কোন সংগঠনের সাথে জড়িত।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সিলেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সকল নাট্যমোদী দর্শক কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী দিনে সকল নাট্যমোদী দর্শকদের আমন্ত্রণ জানান।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/শাদিআচৌ-০৬