সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের ৩২ জন রোগীকে ১৬ লাখ টাকার চিকিৎসা সহায়তা এনে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ওই ৩২ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
সুবিধাভোগীদের মধ্যে ১৩ জন স্ট্রোকে প্যারালাইজড, ১২ জন ক্যান্সার, ৪ জন কিডনি, ১ জন জন্মগত হৃদরোগ, ১ জন লিভার সিরোসিস, ১ জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। রোগীদের নিজেস্ব ব্যাংক একাউন্টে মন্ত্রণালয় থেকে সরাসরি প্রেরণ করা হচ্ছে চিকিৎসা সহায়তার টাকা।
এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলেই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকারটুকু পাচ্ছেন। আর আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সেহেতু সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারলে মনে শান্তি পাই।
সিলেটভিউ২৪ডটকম / প্রনঞ্জয় / ডি.আর




