বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ঘৃণাবাচক (হেট স্পিচ) কোনো কথা বলা বা বক্তব্য দেওয়া যায় না।

কারো ক্ষতি কামনা করা, মৃত্যু কামনা করা এগুলো ঘৃণাবাচক কথার মধ্যে পড়ে।


তবে রুশ সেনা ও প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু কামনা করে পোস্ট দিলে কোনো সমস্যা হবে না বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য ফেসবুকের মূল কোম্পানি মেটা কিছু দেশে তাদের নীতির পরিবর্তন আনতে যাচ্ছে।

এ নীতির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেওয়া পোস্টকে ‘সাময়িক অনুমতি দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম।

মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর সাধারণত নিষেধাজ্ঞার আওতায় পড়ে এমন কিছু পোস্টও প্রকাশিত হতে দেওয়া হবে। এর ভেতর রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও রয়েছে।

তবে রাশিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো পোস্টকে অনুমতি দেওয়া হচ্ছে না।

তবে পুরো বিশ্ব নয়, শুধুমাত্র রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের পোস্ট দেওয়া যাবে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৭


সূত্র : রয়টার্স, বিবিসি