সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা মাত্র চার মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যান। আর আগুন নিয়ন্ত্রণে নেন মাত্র ১৪ মিনিটে।

শুক্রবার দুপুরে দুবাইয়ের এমিরেটস মলের পেছনে আল বারশা আবাসিক এলাকায় এ আগুন লাগে।


গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জরুরি খবর পেয়ে দুপুর ১টা ২৪ মিনিটে পুলিশ কমান্ড রুম থেকে দমকল কর্মিদের পাঠানো হয় ঘটনাস্থলে। ঘটনাস্থলে দায়িত্বে থাকা এক কর্মকর্তা গালফ নিউজকে বলেন, ‘আমাদের দমকল দল ভবনটি খালি করে ১৪ মিনিটের মধ্যে কোনো আঘাত বা মৃত্যু ছাড়াই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

গালফ নিউজের শেয়ার করা একটি ভিডিও দেখা যায়, ওই ভবনের মাঝামাঝিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আগুন লাগার কারণ নির্ণয় করার জন্য ভবনটি শীতলকরণের প্রক্রিয়ায় রয়েছে। শীতল করার পর বিশেষজ্ঞরা ভবনে নিরীক্ষা করে আগুন লাগার কারণ সম্পর্কে জানাবেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১২


সূত্র : ঢাকাটাইমস