সিলেটের বালাগঞ্জে বিরোধপূর্ণ ১৫ শতক জায়গায় আদালতের আদেশ অমান্য করে মাটি ভরাটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বালাগঞ্জের রুকুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একপক্ষ এমনটি করছেন বলে দাবি দ্বিতীয় পক্ষের।
জানা গেছে, বালাগঞ্জের মুক্তারপুর মৌজার (বিএস জেএল নং- ১৮৫, বিএস খতিয়ান নং- ৪৪, নামজারি খতিয়ান নং-২৭১, বিএস দাগ নং-৮৯) ৩২ শতক ভূমি নিয়ে রুকুনপুর গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে এমরুল হক, একই গ্রামের মৃত ইশ্যাদ উল্লাহর ছেলে মো. কামাল হোসেন মানিক এবং ওই গ্রামের ইছকন্দর আলীর ছেলে আলী আহমদ নেছাওরের মধ্যে বিরোধ রয়েছে। এ ভূমি নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলাও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ এ ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন আদালত। নির্দেশনা অনুযায়ী আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এ ভূমিতে কোনো পক্ষই কোনো কার্যক্রম চালাতে পারবেন না।
কিন্তু এমতাবস্থায় গত ৮ মার্চ (মঙ্গলবার) আলী আহমদ নেছাওর পক্ষ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই ভূমিতে মাটি ভরাট করার প্রস্তুতি নেয়। পরে এমরুল হক ও কামাল হোসেন মানিক পক্ষের লোকজন আদালতের নির্দেশনা দেখিয়ে বাধা দিলে মাটি ভরাট থেকে বিরত থাকেন নেছাওর। তবে নেছাওর স্থানীয় প্রশাসনের সহায়তায় যে কোনো সময় ওই ভূমিতে মাটি ভরাট করাসহ জোরপূর্বক অন্যান্য কার্যক্রম চালানোর পায়তার করছেন বলে দ্বিতীয় পক্ষের অভিযোগ। এমতাবস্থায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এমরুল হক ও কামাল হোসেন মানিক।
এদিকে, আদালতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ওই ভূমিতে কোনো পক্ষ না যেতে শনিবার একটি নির্দেশনা উভয়পক্ষের কাছে পৌঁছে দিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




