নিষেধাজ্ঞায় নাজেহাল রাশিয়া দেশেটির তেল-গ্যাস খাতে বিনিয়োগ আরও বাড়ানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে রুশ কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করতেও আগ্রহী বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটির অর্থনীতি ১৯৯১-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে সংকটময় সময় পার করছে।


দীর্ঘদিন ধরে ভারতকে অস্ত্র সরবরাহ করা রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে নয়াদিল্লি। যদিও অনেক পশ্চিমা মিত্র ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানাতে ভারতকে চাপ দিয়ে আসছে।

ভারতের রুশ দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, ভারতে রাশিয়ার তেল ও পেট্রলিয়াম পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারের কাছে পৌঁছেছে। এই অংক আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ভারতের পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরিকে নোভাক বলেন, আমরা রাশিয়ার তেল ও গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ এবং ভারতে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক বাড়াতে আগ্রহী।

চলতি সপ্তাহেই রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যও চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপ নিয়েছে।

রাশিয়া অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হওয়ায় দুই দেশের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা আরও বৃদ্ধি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০


সূত্র : যুগান্তর