ইউক্রেন দাবি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভাড়াটে যোদ্ধাদের নিয়ে এসেছে রাশিয়া।
যদিও রাশিয়া বিষয়টি প্রথমে অস্বীকার করেছে। কিন্তু শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য থেকে সিরিয়ার যোদ্ধাদের আনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
তবে সিরিয়ার যোদ্ধা আসার আগেই রাশিয়া ভাড়াটে যোদ্ধাদের কাজে লাগিয়েছে।
এই ভাড়াটে যোদ্ধাদের কিভাবে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি অনুসন্ধান করে বের করেছে গণমাধ্যম বিবিসি।
বর্তমানে রাশিয়ার হয়ে যুদ্ধে লিপ্ত একজন ভাড়াটে যোদ্ধার সঙ্গে কথা বলে বিবিসি। যিনি রাশিয়ার সবচেয়ে বড় ভাড়াটে যোদ্ধাদের প্রতিষ্ঠান ওয়াগনারের যোদ্ধা।
তিনি জানিয়েছেন, বেসরকারী ভাড়াটে ওই যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ শুরু করার কয়েকদিন আগে যোগাযোগ করে রাশিয়া। যোগাযোগ করতে সামাজিক মাধ্যম ও গোপন বার্তা আদান-প্রদানকারী একটি অ্যাপস ব্যবহার করা হয়।
ওই ভাড়াটে যোদ্ধা বিবিসির কাছে আরও জানিয়েছেন, তাদেরকে ইউক্রেনে পিকনিক করার কথা বলে নিয়ে আসা হয়েছে। তাদের বলা হয় পিকনিকে ইউক্রেনের বিশেষ শূকরের চর্বি খাওয়ানো হবে।
শুধু তাই নয় রাশিয়ার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, যেসব যোদ্ধা অপরাধের সঙ্গে জড়িত, যাদের টাকা পয়সার ঋণ আছে, অন্য ভাড়াটে যোদ্ধা প্রতিষ্ঠানগুলো থেকে বের করে দেওয়া হয়েছে ও যাদের পাসপোর্ট নেই তাদের যুদ্ধ করতে আবেদন করার কথা বলা হয়েছে।
তাছাড়া ওই বার্তায় আরও বলা হয়েছে, ডনবাস ও লুহানেস্কে যারা আছেন তারাও রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত।
ওই ভাড়াটে যোদ্ধা আরও জানিয়েছে, আগে ভাড়াটে যোদ্ধাদের ব্যাপারে অনেক নিয়ম নীতি ছিল। কিন্তু এখন যাকে খুশি তাকেই নিচ্ছে রাশিয়া।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৪
সূত্র : বিবিসি




