বেলারুশ জানিয়েছে তারা তাদের যুদ্ধে বিশেষ পারদর্শী পাঁচটি ইউনিটকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করছে।
শনিবার বেলারুশ জানায়, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের বেলারুশে প্রবেশ ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে তারা।
তারা আরও জানিয়েছে, রাশিয়ার সৈন্যদের সঙ্গে বিশেষ সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই বেলারুশের সেনারা ইউক্রেনের ওপর হামলা চালানোর জন্য রাশিয়ার সেনাদের সঙ্গে যোগ দেবে।
এদিকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে বেলারুশের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনাদের মোতায়েন করার বিষয়টি কোনো প্রস্তুতির অংশ নয়। আর বিশেষ করে রাশিয়ানদের সঙ্গে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য তো নয়ই।
শুক্রবার ইউক্রেন দাবি করে বেলারুশ থেকে রাশিয়ার একটি যুদ্ধ বিমান ইউক্রেনে প্রবেশ করে। এরপর সেই বিমান বেলারুশের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়।
ইউক্রেনের দাবি বেলারুশকে যুদ্ধে জড়ানোর জন্য এমন নাটক সাজিয়েছে রাশিয়া।
এ ঘটনার পরের দিনই ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে তারা।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা কখনো বেলারুশে হামলা করেনি আর কখনো করবেও না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩৯
সূত্র : আল জাজিরা





