পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। ট্রাকে করে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে যেভাবে বেপরোয়াভাবে জিনিসপত্রের দাম বাড়ছিল, সেই অবস্থা এখন আর নেই। কয়েকদিনের মধ্যে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দ্রব্যমূল্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাড়ছে। আমাদের সরকারের প্রচেষ্ঠার ফলে আমরা তা নিয়ন্ত্রণে আনতে পারছি। না হলে আরও ক্ষতি হত। তবে একটি মহল এখনো দেশের বিরুদ্ধে কাজ করছে৷ তারা মানুষকে ভুল বুঝাচ্ছে৷ এদের থেকে নিরাপদ থাকতে হবে৷।
শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আইসিটি ভবনের উদ্বোধন পরবর্তী একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশে রাতের আধাঁরে কখনো ভোট হয় না। যারা বলে রাতের আধারে ভোট হয় তাদের চ্যালেঞ্জ দিলাম সঠিক তথ্যপ্রমাণ দেন। মামলা করেন। না হয় নির্বাচনে অংশগ্রহণ না করে অহেতুক কথা বলবেন না৷ আমি বিশ্বাস করি দেশের মানুষ আওয়ামী লীগকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করবে। কারণ এই সরকার জনগণের সরকার। সরকার চায় মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে৷ দেশের যে দিকেই তাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এর আগে দেশের মানুষ এত উন্নয়ন দেখেনি৷
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, তোমরা ডিজিটাল দেশে বাস করছো। সকল সুযোগ সুবিধা পাচ্ছ। কোন কিছুর অভাব নেই তোমাদের৷ তোমরা সবসময় মা বাবাকে সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে। তাদের সম্মান না করলে জজ-ব্যারিষ্টার, এমপি, মন্ত্রী হয়ে কোন লাভ নেই। আর নিজেদের আলোকিত করতে বেশি বেশি পড়তে হবে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে৷ তোমরাই আগামীদিনের কর্ণধার।
সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক মোস্তাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নূর আলম, পাথারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদ ও ইউপি সদস্য নূর হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ সামিউল/ শাদিআচৌ-৩




