অতি ধনীরা পারলেও সাধারণ মানুষের পক্ষে একা একা দ্বীপ কেনা সম্ভব নয়। তাই ‘লেটস বাই অ্যান আইল্যান্ড’ (আসুন, একটা দ্বীপ কেনা যাক) প্রকল্পের মাধ্যমে অনেককে নিয়ে এক দ্বীপ কেনার প্রকল্প নেন মার্শাল মেয়ার। এর অবস্থান ক্যারিবীয় রাষ্ট্র বেলিজের উপকূলের অদূরে।
মজার ব্যাপার হচ্ছে, দ্বীপের আয়তন নিতান্ত কম হলেও (১.২ একর) এই প্রকল্পের পেছনে রয়েছে উদ্যোক্তাদের এক বিরাট স্বপ্ন।
তাঁরা চাইছেন, দ্বীপটিতে আস্ত একটা রাষ্ট্র গড়ে তুলতে। অদ্ভুত এই প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালে। ‘ক্রাউডফান্ডিং’, অর্থাৎ জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের পদ্ধতিতে অর্থ তোলা হতে থাকে। ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ উদ্যোক্তারা ‘কফি কায়ে’ নামের এই দ্বীপ কিনে ফেলেন।
দ্বীপে নতুন দেশ গঠন করার লক্ষ্যে জাতীয় পতাকা ও সংগীতও প্রবর্তন করা রয়েছে। এমনকি বিনিয়োগকারীদের মধ্য থেকে গঠন করা হয়েছে একটি সরকারও। সম্প্রতি তাঁরা দ্বীপটি সফরে যান। উদ্যোক্তারা নিজেরা দ্বীপটিকে স্বাধীন বললেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো স্বীকৃতি দেয়নি একে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২০
সূত্র : সিএএন




