নগরীর কুয়ারপাড়ের ৩৪ নং বাসার মৃত ময়না মিয়ার ছেলে ও সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমনকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তিনি গত ২৭ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি রবিবার (১৩ মার্চ) সিলেট কোতোয়ালি থানায় নথিভুক্ত হয়। কোতোয়ালি সিআর মামলা নং-২৬২।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর লালাদিঘীরপাড় এলাকার বালুকা মাঠে বিকেল ৪টা দিকে ফুটবল খেলতে যান ইমন আহমদ। এসময় লালাদীঘিরপাড়ের মৃত মতিউর রহমানের ছেলে আব্দুর রহমান (৩২), মৃত সমছু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৩০) ও শাকিল মিয়া (২৫) ইমনের পথরোধ করে তার গলায় মাফলার দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালান। এসময় বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে ইমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
পরবর্তীতে গত ২৭ ফেব্রুয়ারি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ইমান। আদালত বিষয়টি আমলে নিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানাকে মামলাটি নথিভুক্ত করার আদেশ দেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের গ্রেফতার করবে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




