ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। আর ইতিহাস হলো পাকিস্তানকে হারিয়ে। হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রানও এসেছে হ্যামিল্টনে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৪ রান তুলেছে বাংলাদেশ। এটি ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের পক্ষে ফারজানার ব্যাট থেকে আসে ১১৫ বলে ৭১ রান। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। নিগার করেন ৪৬। এছাড়া বড় কোন স্কোর আসেনি কারও ব্যাট থেকে।


ওয়ানডেতে সর্বোচ্চ রানের স্কোর যেন আত্মবিশ্বাস হয়ে ছিল বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দিয়েছে একইরকম আত্মবিশ্বাস। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিনটি ম্যাচ জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব ভালোভাবে এগোচ্ছিল পাকিস্তানের মেয়েরা। কোন উইকেট না হারিয়ে তারা তুলে ৯১ রান। পরে ২ উইকেটে ১৮৩ রান । কিন্তু ফাহিমা খাতুনের পাশাপাশি সালমা-জাহানারাদের দারুণ বোলিংয়ে মাত্র ৫ রানেই ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। সেখান থেকে খেই হারিয়ে আর ম্যাচ জয়ের ভাগ্যে ফিরতে পারেনি তারা। পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার সিদ্রা খাতুন শতক হাঁকান। কিন্তু জয় থেকে ২০ রান দূরে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরতেই বাংলাদেশের মেয়েদের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট না হলেও করতে পেরেছে ৯ উইকেটে ২২৫ রান।

বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশের ফাহিমা খাতুন হয়েছেন ম্যাচ সেরা। ৮ ওভারে ৩৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট।

সিলেটভিউ২৪ডটকম/পিডি